ছবির জালিয়াতি ধরতে অ্যাডোবি’র নতুন টুল

২০ নভেম্বর, ২০১৯ ১৪:৫৭  
ফেসঅ্যাপ ব্যবহার কিংবা ফটোশপ করে ছবি’র চেহারা বদলের মতো জালিয়াতি ধরতে নতুন একটি অ্যাপ্লিকেশন এনেছে অ্যাডবি। ‘অ্যাবাউট ফেস’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর টুলটি পিক্সেল পর্যালোচনা করে ছবির বিকৃতি শনাক্ত করতে সক্ষম। ফলে বিভিন্ন সামাজিক বা ডেটিং সাইটে থাকা ভুয়া ছবি শনাক্ত করা সম্ভব হবে। টুলটি কাজে লাগিয়ে ভবিষ্যতে ভুয়া ভিডিওও শনাক্ত করা যাবে বলে ধারণা করছেন অ্যাডবির গবেষকরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ‘অ্যাডবি ম্যাক্স’ সম্মেলনে টুলটির কার্যকারিতা প্রদর্শনও করেছে অ্যাডোবি। এতে দেখা গেছে, মানুষকে বোকা বানাতে বা নিজেকে আরো আকর্ষণীয় করতে যারা নিজের চেহারা ফটোশপের মাধ্যমে পরিবর্তন করেন কিংবা অন্যকেউ যদি এসব ছবিকে ভেজাল করে তা খালি চোখে শনাক্ত করা না গেলেও মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে ধরতে সক্ষম হয় অ্যাবাউট ফেস টুলটি।